ঘোড়াঘাট

ঘোড়াঘাট পালশা ইউপি নির্বাচন: মোফাজ্জল প্রধানের পক্ষে জনমত গঠনে মতবিনিময় সভা

প্রিন্ট
ঘোড়াঘাট পালশা ইউপি নির্বাচন: মোফাজ্জল প্রধানের পক্ষে জনমত গঠনে মতবিনিময় সভা

প্রকাশিত : ৭ আগস্ট ২০২৬, সকাল ১১:৩৪


আসন্ন দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার পালশা ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান পদপ্রার্থী মোফাজ্জল হোসেন প্রধানের পক্ষে জনমত গঠনের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৬ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে ডুগডুগি কারিগরি কলেজ প্রাঙ্গণে ডুগডুগি দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের এসএসসি ২০০১ ব্যাচের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়। এতে ইউনিয়নের বিভিন্ন এলাকার প্রায় ১৫০ থেকে ২০০ জন শিক্ষক, সুশীল সমাজের প্রতিনিধি, তরুণ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।

সভায় সভাপতিত্ব করেন ডুগডুগি দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক কবিরুল ইসলাম।

বক্তব্য দেন বাশমুড়ি উষার আলোর বিদ্যালয়ের প্রধান শিক্ষক জোবায়দুর রহমান নয়ন, সহকারী অধ্যাপক মেহেদী হাসান, প্রভাষক সামসুল ইসলাম, সহকারী শিক্ষক লতিফুল বারী লিমন এবং এসএসসি ২০০১ ব্যাচের সদস্য কাইমুল ইসলাম।

সভা সঞ্চালনা করেন মনসাপুর দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক গোলাম কিবরিয়া ফুয়াদ।

প্রধান অতিথির বক্তব্যে চেয়ারম্যান পদপ্রার্থী মোফাজ্জল হোসেন প্রধান বলেন, "পালশা ইউনিয়নের উন্নয়নই আমার একমাত্র অঙ্গীকার। জনগণের প্রত্যাশা ও মতামতকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে একটি স্বচ্ছ, জবাবদিহিমূলক ও জনবান্ধব ইউনিয়ন পরিষদ গড়ে তুলতে চাই। নির্বাচিত হলে শিক্ষা, কৃষি, যোগাযোগব্যবস্থা, কর্মসংস্থান এবং নাগরিক সেবার মানোন্নয়নে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করব। ইউনিয়নের প্রতিটি মানুষকে সঙ্গে নিয়েই উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে চাই।"

বক্তারা বলেন, পালশা ইউনিয়নের সার্বিক উন্নয়ন ও জনস্বার্থে যোগ্য, সৎ ও জনসম্পৃক্ত নেতৃত্ব প্রতিষ্ঠায় সবাইকে সচেতন ভূমিকা রাখতে হবে। তারা একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনেরও প্রত্যাশা ব্যক্ত করেন।

শেষে উপস্থিত স্থানীয় বাসিন্দারা চেয়ারম্যান প্রার্থী মোফাজ্জল হোসেন প্রধানের সঙ্গে মতবিনিময় করেন এবং ইউনিয়নের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে নিজেদের মতামত তুলে ধরেন।