দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় অতিদরিদ্র পরিবারের জীবনমান উন্নয়ন ও আয় বৃদ্ধি লক্ষ্যে ৩০১টি পরিবারকে শর্তসাপেক্ষে নগদ অর্থ সহায়তা প্রদান করেছে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর বীরগঞ্জ এরিয়া প্রোগ্রাম (এপি)।
রবিবার (১৭ মে) বিকেলে বীরগঞ্জ এপি কার্যালয় মাঠ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে এ কর্মসূচির উদ্বোধন করেন দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনের সংসদ সদস্য মনজুরুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে এমপি মনজুরুল ইসলাম বলেন, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের এ ধরনের উদ্যোগ স্থানীয় পর্যায়ে দারিদ্র্য বিমোচন ও টেকসই অর্থনৈতিক উন্নয়নে ইতিবাচক পরিবর্তন আনবে। তিনি উপকারভোগীদের এই সহায়তার অর্থ সঠিকভাবে আয়বর্ধক খাতে ব্যবহারের আহ্বান জানান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমা খাতুন। স্বাগত বক্তব্য দেন বীরগঞ্জ এপি’র ম্যানেজার রবার্ট কমল সরকার।
এ সময় উপস্থিত ছিলেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ বীরগঞ্জ এপি’র প্রোগ্রাম অফিসার সাধন দাস, বাপ্পী জয়ধর, ডরিস হাসদা, কোড়াইয়া, শ্যামলা, জুনিয়র প্রোগ্রাম অফিসার মুক্তা রায়, স্পন্সরশিপ সিপি অফিসার সরলা মুরমু, স্পন্সরশিপ সিস্টেম অফিসার মারসিয়া রজারসহ অন্যান্য কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা ও উপকারভোগীরা।
বীরগঞ্জ এপি’র ম্যানেজার রবার্ট কমল সরকার জানান, অতিদরিদ্র পরিবারের জীবনমান উন্নয়ন ও আয় বৃদ্ধি লক্ষ্যে শর্তসাপেক্ষে নগদ অর্থ সহায়তা কর্মসূচি-২০২৬ বাস্তবায়ন করছে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ। উপজেলার ১১টি ইউনিয়ন ও একটি পৌরসভার ৩০১টি পরিবারকে নির্বাচন করে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে নগদ অর্থ প্রদান করা হচ্ছে। উপকারভোগীদের নিজস্ব পরিকল্পনা অনুযায়ী ক্ষুদ্র ব্যবসা, কৃষি কার্যক্রম ও অন্যান্য আয়বর্ধক কাজে অর্থ ব্যবহারের নির্দেশনাও দেওয়া হয়েছে।
তিনি আরও জানান, ইতোমধ্যে মার্চ মাসে ১২৪টি পরিবার সহায়তা পেয়েছে। অবশিষ্ট পরিবারগুলোর মধ্যে এপ্রিল ও মে মাসে পর্যায়ক্রমে আরও সহায়তা প্রদান করা হবে।
উপকারভোগী মোছা. আকলিমা খাতুন বলেন, এই টাকা দিয়ে আমার পরিবারের অনেক উপকার হবে। ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশকে অনেক ধন্যবাদ।
আয়োজকরা জানান, এই সহায়তার মাধ্যমে পরিবারগুলো বিভিন্ন আয়মূলক কর্মকাণ্ডে বিনিয়োগ করতে পারবে, যা তাদের স্বনির্ভরতা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
মতামত