বীরগঞ্জ

বীরগঞ্জে কোরবানি ঈদ সামনে রেখে ব্যস্ততা বেড়েছে কামার পল্লীতে

প্রিন্ট
বীরগঞ্জে কোরবানি ঈদ সামনে রেখে ব্যস্ততা বেড়েছে কামার পল্লীতে

প্রকাশিত : ১৭ মে ২০২৬, সন্ধ্যা ৭:৪৪


পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে দিনাজপুরের বীরগঞ্জে ব্যস্ত সময় পার করছেন কামারেরা। কোরবানির পশু জবাই ও মাংস কাটার প্রয়োজনীয় সরঞ্জাম প্রস্তুত করতে সকাল থেকে গভীর রাত পর্যন্ত কাজ করছেন তারা।

রবিবার (১৭ মে) সকালে বীরগঞ্জ পৌর এলাকার সইচ গেট রোডের ডাবলু মার্কেটে গিয়ে দেখা যায়, কামার মো. শাহ আলমের কর্মশালায় চলছে দা, বটি, কাচি ও ছুরি তৈরির ধুম। আগুনে লোহা গরম করে হাতুড়ি দিয়ে পিটিয়ে তৈরি করা হচ্ছে বিভিন্ন ধরনের ধারালো সরঞ্জাম। কেউ নতুন সরঞ্জাম তৈরি করাচ্ছেন, আবার কেউ পুরনো দা-বটি শান দিতে নিয়ে আসছেন।

শাহ আলম জানান, তার কর্মশালায় বর্তমানে ৬ জন কারিগর ও কর্মচারী কাজ করছেন। কোরবানির মৌসুমে প্রতিদিন ৪ থেকে ৫ হাজার টাকা পর্যন্ত লাভ হচ্ছে। সারা বছরের তুলনায় এই সময় কাজের চাপ অনেক বেশি থাকে।

তিনি বলেন, কোরবানির আগে প্রতিটি গেরস্ত বাড়ি থেকেই দা, বটি, কাচি ও ছুরি তৈরি কিংবা শান দিতে আসে। কেউ নতুন করে নেয়, আবার কেউ পুরনো জিনিস ধার করিয়ে নেয়,কাজের তুলনায় ক্রেতাদের কাছ থেকে কম দামে বিক্রি করতেছি। তাই সকাল থেকে রাত পর্যন্ত কাজ করতে হচ্ছে।

ক্রেতা মো. হামিদ বলেন, সামনে কোরবানির ঈদ। তাই বাসার সব ছুরি, কাচি ও বটি শান দিতে নিয়ে এসেছি। সারা বছর সময় হয় না, তাই প্রতিবছর কোরবানির আগে এগুলো প্রস্তুত করি।

কোরবানির ঈদ ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে বীরগঞ্জের কামারপাড়াগুলোতে আরও ব্যস্ততা বাড়বে বলে জানিয়েছেন স্থানীয়রা।