বীরগঞ্জ

বীরগঞ্জে কুরবানির ঈদকে সামনে রেখে মনিরুলের বাজিমাত

প্রিন্ট
বীরগঞ্জে কুরবানির ঈদকে সামনে রেখে মনিরুলের বাজিমাত

প্রকাশিত : ১৬ মে ২০২৬, সন্ধ্যা ৭:৪৭


দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় আসন্ন কুরবানির ঈদকে সামনে রেখে গরু মোটাতাজাকরণে ব্যস্ত সময় পার করছেন খামারিরা। এরই মধ্যে উপজেলার ১নং শিবরামপুর ইউনিয়নের মুরারিপুর কাচারিপাড়া গ্রামের খামারি মো. মনিরুল ইসলাম তার বিশালাকৃতির ষাঁড় দিয়ে এলাকায় আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছেন।

খামারি মনিরুল ইসলাম এবারের কুরবানির ঈদ উপলক্ষে মোট ৫টি ষাঁড় প্রস্তুত করেছেন। এর মধ্যে একটি গরুর ওজন প্রায় ৭০০ কেজি, যা দেখতে প্রতিদিনই আশপাশের মানুষ ভিড় করছেন। গরুগুলো সুস্থ ও আকর্ষণীয় করে তুলতে তিনি নিয়মিত পরিচর্যা করছেন।

খামারি মনিরুল ইসলাম জানান, একটি গরুর পেছনে প্রতিদিন প্রায় ৩৫০ টাকা খরচ হচ্ছে। গরুগুলোকে খাওয়ানো হচ্ছে খড়, ভুষি, দানাদার খাবার, তরল খাবার, ভুট্টা দানা এবং বিভিন্ন ধরনের কাঁচা ঘাস। সঠিক খাবার ও যত্নের মাধ্যমে গরুগুলো দ্রুত বৃদ্ধি পাচ্ছে।

মনিরুল ইসলাম প্রতিবেদককে বলেন, অনেক পরিশ্রম করে গরুগুলো লালন-পালন করেছি। এবার কুরবানির পশুর বাজারে দাম ভালো থাকলে একটি গরু পাঁচ লাখ টাকা পর্যন্ত বিক্রি করার আশা করছি।

শিবরামপুর ইউনিয়ন চেয়ারম্যান সত্যজিৎ রায় কার্তিক জানান, মনিরুল ইসলামের খামারের গরুগুলো দেখতে প্রতিদিনই উৎসুক মানুষ ভিড় করছেন। কুরবানির ঈদকে সামনে রেখে এমন বড় আকৃতির গরু এলাকায় বেশ সাড়া ফেলেছে।