কৃষি

বীরগঞ্জে জমি নিয়ে বিরোধ, ভুট্টা ক্ষেত কেটে ক্ষতির অভিযোগ

প্রিন্ট
বীরগঞ্জে জমি নিয়ে বিরোধ, ভুট্টা ক্ষেত কেটে ক্ষতির অভিযোগ

ছবি : বীরগঞ্জে জমি নিয়ে বিরোধ, ভুট্টা ক্ষেত কেটে ক্ষতির অভিযোগ


প্রকাশিত : ১৪ মে ২০২৬, রাত ৯:৫২

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের বিরুদ্ধে জোরপূর্বক ভূট্টাক্ষেত কেটে ফেলা, মারধরের চেষ্টা ও প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে। 

এ ঘটনায় ভুক্তভোগী মোঃ সোহেল রানা বীরগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার মোহনপুর মৌজার ৪১২০ দাগের ৭ শতাংশ জমি ক্রয় সূত্রে ভোগদখল করে আসছেন সোহেল রানা। 

ওই জমি নিয়ে দীর্ঘদিন ধরে উপজেলার সুজালপুর ইউনিয়নের শীতলাই গ্রামের মৃত বজর উদ্দিনের ছেলে মো: নজরুল ইসলামসহ কয়েকজনর সঙ্গে বিরোধ চলে আসছিল। অভিযোগে উল্লেখ করা হয়, গত ১৪ মে বেলা আনুমানিক ১১টা ২০ মিনিটের দিকে অভিযুক্তরা লাঠিসোটা ও দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘবদ্ধ একটি দল তার ভূট্টাক্ষেতে প্রবেশ করে জোরপূর্বক ফসল কেটে প্রায় ৫০ হাজার টাকার ক্ষতিসাধন করে।

ভুক্তভোগীর দাবি, খবর পেয়ে তিনি ঘটনাস্থলে গেলে অভিযুক্তরা তাকে মারধরের উদ্দেশ্যে তেড়ে আসে এবং বিভিন্ন ধরনের ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি প্রদান করে। পরে স্থানীয় লোকজন এগিয়ে এলে পরিস্থিতি শান্ত হয়।

এ ঘটনায় সোহেল রানা বীরগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

অভিযোগে অভিযুক্ত হিসেবে কয়েকজন স্থানীয় ব্যক্তির নাম উল্লেখ করা হয়েছে। 

স্থানীয়রা বলেন, বর্তমানে দেশের অর্থনৈতিক অবস্থা বেশি ভালো না। এ অবস্থার মধ্যে কৃষক পরিবারের শত শত ভুট্টা গাছ কেটে ফেলা খুবই ন্যক্কারজনক।

তবে এ বিষয়ে অভিযুক্ত নজরুল ইসলামের সাথে কথা হলে তিনি ভুট্টা ক্ষেত নষ্ট করে জমি দখলের বিষয়ে স্বীকার করেছেন।

অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে ঘটনাস্থলে যান বীরগঞ্জ থানার পুলিশ। 

বীরগঞ্জ থানার পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।