বিরামপুর

দিনাজপুর জেলা কমান্ড্যান্টের প্রশংসনীয় উদ্যোগ, প্রাণ-আরএফএলে চাকরি পেলেন ১৩০ জন

প্রিন্ট
দিনাজপুর জেলা কমান্ড্যান্টের প্রশংসনীয় উদ্যোগ, প্রাণ-আরএফএলে চাকরি পেলেন ১৩০ জন

প্রকাশিত : ১২ মে ২০২৬, রাত ৯:১০

 

দিনাজপুর আঞ্চলিক কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র থেকে প্রশিক্ষণপ্রাপ্ত বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ১৩০ জন সদস্যের কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়েছে। প্রাণ-আরএফএল গ্রুপের উদ্যোগে আয়োজিত এক জব ফেয়ারের মাধ্যমে বিভিন্ন পদে তাদের চাকরি নিশ্চিত করা হয়। সংশ্লিষ্টরা বলছেন, দিনাজপুর জেলা কমান্ড্যান্ট মোঃ নূরুজ্জামান-এর আন্তরিক প্রচেষ্টা ও তদারকিতেই এই বৃহৎ কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে।

মঙ্গলবার (১২ মে) দিনাজপুর আঞ্চলিক কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে অনুষ্ঠিত চাকরি সংক্রান্ত প্রোগ্রামে প্রাণ-আরএফএল-এর এইচআর প্রতিনিধি ও সহকারী ম্যানেজার উপস্থিত থেকে প্রশিক্ষণপ্রাপ্ত সদস্যদের প্রাথমিকভাবে চাকরি নিশ্চিত করেন। চাকরি পাওয়া সদস্যরা আগামী মাসে প্রাণ-আরএফএলে যোগদান করবেন বলে জানা গেছে।

চাকরি প্রাপ্তদের মধ্যে ওয়েল্ডিং ৬জি প্রশিক্ষণপ্রাপ্ত ৪৩ জন, রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং (RAC) প্রশিক্ষণপ্রাপ্ত ৪০ জন, অটোমোটিভ মেকানিক্স প্রশিক্ষণপ্রাপ্ত ৪০ জন এবং মোটর ড্রাইভিং প্রশিক্ষণপ্রাপ্ত ৭ জন রয়েছেন। তারা সহকারী অপারেটর (RAC), সহকারী টেকনিশিয়ান (RAC), সহকারী ওয়েল্ডার, ড্রাইভার ও সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারসহ বিভিন্ন পদে নিয়োগ পান।

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালকের যুগোপযোগী উদ্যোগে বাহিনীতে আধুনিক ওয়েল্ডিং ৬জি প্রশিক্ষণ চালু হওয়ায় প্রশিক্ষণার্থীরা সন্তোষ প্রকাশ করেন। প্রশিক্ষণের পাশাপাশি চাকরি প্রাপ্তির বিষয়ে সার্বিক সহযোগিতা ও দিকনির্দেশনা দেওয়ায় তারা বাহিনীর মহাপরিচালক ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা জানান।

এছাড়াও ২০২৬ সালের জানুয়ারি থেকে মে মাস পর্যন্ত দিনাজপুর আঞ্চলিক কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র থেকে প্রশিক্ষণ নেওয়া সদস্যদের মধ্যে মোট ১৫২ জনের চাকরির ব্যবস্থা করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

এ বিষয়ে জেলা কমান্ড্যান্ট মোঃ নূরুজ্জামান বলেন, “বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী আইন-শৃঙ্খলা রক্ষার পাশাপাশি দেশের আর্থসামাজিক উন্নয়নেও গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। বাহিনীর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রগুলো দক্ষ মানবসম্পদ তৈরির মাধ্যমে বেকারত্ব দূরীকরণে কার্যকর ভূমিকা পালন করছে।”

তিনি আরও বলেন, “দিনাজপুর জেলার প্রশিক্ষণপ্রাপ্ত সদস্যদের কর্মসংস্থানের জন্য আমরা বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে সমন্বয় করে কাজ করছি। তারই ধারাবাহিকতায় আজ ১৩০ জন সদস্যের চাকরির ব্যবস্থা করা সম্ভব হয়েছে।”