পার্বতীপুর

তৃতীয় দফায় পাইপলাইনে এলো ৫ হাজার মেট্রিক টন জ্বালানি তেল

প্রিন্ট
তৃতীয় দফায় পাইপলাইনে এলো ৫ হাজার মেট্রিক টন জ্বালানি তেল

প্রকাশিত : ২৭ মার্চ ২০২৬, সন্ধ্যা ৬:৫১


সারাদেশেই চলছে জ্বালানি তেলের সংকট। এরই মধ্যে দিনাজপুরের পার্বতীপুর ডিপোতে প্রায় অর্ধলক্ষ্যাধিক লিটার বা পাঁচ হাজার মেট্রিক টন ডিজেল তেল এসে পৌঁছেছে। একই সাথে জ্বালানি তেল সরবরাহ ঠিক রাখার লক্ষ্যে শুক্রবার ছুটির দিনেও ডিপো খোলা রেখেছে কতৃপক্ষ।

শুক্রবার (২৭ মার্চ) সকালে বাংলাদেশ-ভারত ফ্রেন্ডশিপ পাইপ লাইনের মাধ্যমে তেল নিয়ে আসার কার্যক্রম সম্পন্ন হয়।

জানা গেছে, গত মঙ্গলবার (২৪ মার্চ) দুপুরে ভারতের আসামে অবস্থিত নুমালিগড় রিফাইনারি কেন্দ্র থেকে পাইপলাইনে দিনাজপুরের পার্বতীপুরে রেলহেড ওয়েল ডিপোতে ৫৭ লাখ লিটার বা পাঁচ হাজার মেট্রিক টন ডিজেল তেল সরবরাহ কার্যক্রম শুরু হয়। প্রায় ৬০ ঘন্টা পর শুক্রবার সকাল ৬টার দিকে ভারত-বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাইপলাইন প্রকল্পের রিসিপ্ট টার্মিনালে এবস ডিজেল তেল পৌঁছায়। এরপর সেখান থেকে সাড়ে ৮টার দিকে রিসিপ্ট টার্মিনাল থেকে জ্বালানি রেলহেড অয়েল ডিপোর পদ্মা, মেঘনা ও যমুনা এই তিন কোম্পানিতে এসব তেল সরবরাহ করা হয়।

পার্বতীপুর রেলহেড অয়েল ডিপোর ইনচার্জ আহসান হাবিব বিষয়টি নিশ্চিত করে বলেন, ভারত থেকে পাইপলাইনে আসা পাঁচ হাজার মেট্রিক টন ডিজেল তেলের চালান সম্পন্ন হয়েছে। ভারত থেকে এসব তেল আনতে ৪৮ থেকে ৭২ ঘন্টা পর্যন্ত সময় লাগে। চলতি বছরে তিন ধাপে ১৫ হাজার মেট্রিক টন ডিজেল তেল আনা হলো। আগামীকাল শনিবার আরো সাত হাজার মেট্রিক টন ডিজেল তেল আসার কথা রয়েছে বলেও জানান তিনি।