বাংলাদেশে তৈরি পোশাক ও চালকল শিল্পে জলবায়ু পরিবর্তন, সবুজ জ্বালানি ব্যবহার ও ন্যায্য রূপান্তরের বাস্তব অবস্থা নিয়ে দিনাজপুরে গবেষণার ফলাফল শেয়ারিং ও আলোচনা সভা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩১ জানুয়ারি ২০২৬) দিনাজপুর শহরের পর্যটন মোটেলে বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজ (বিলস)-এর আয়োজনে এ সেমিনার অনুষ্ঠিত হয়। এতে ট্রেড ইউনিয়ন নেতা, শ্রমিক প্রতিনিধি, এনজিও প্রতিনিধি, সরকারি কর্মকর্তা ও গণমাধ্যমকর্মীরা অংশ নেন।
সেমিনারে গবেষণার ফলাফল উপস্থাপন করেন বিলস এর প্রধান গবেষক ও উপপরিচালক মো. মনিরুল ইসলাম। “বাংলাদেশের তৈরি পোশাক এবং চাতাল শিল্পে জলবায়ু পরিবর্তন এবং সবুজ ও ন্যায্য পরিবর্তনের বাস্তব অবস্থা এবং এর সঙ্গে সম্পৃক্ত প্রভাবসমূহ বিশ্লেষণ” শীর্ষক গবেষণায় তিনি সাভার ও গাজীপুর এলাকার ২০০ জন পোশাক শ্রমিক এবং দিনাজপুর ও ময়মনসিংহ অঞ্চলের ২০০ জন চালকল শ্রমিকের তথ্য উপস্থাপন করেন। এছাড়া শিল্পে অটোমেশন, সবুজ জ্বালানি ব্যবহার, শ্রমিকদের কর্মসংস্থান, নিরাপত্তা ও দক্ষতা উন্নয়নের বাস্তব চিত্র তুলে ধরেন।
গবেষণায় উঠে এসেছে চাতাল শিল্পে সবুজ শক্তির কোন ব্যবহার নাই। কর্ম পরিবেশ বলতে কিছু নেই। শ্রমিকেরা রৌদ্রে পুড়ে, বৃষ্টিতে ভিজে খোলা আকাশের নিচে কাজ করে। কারখানার ভেতরে ছাই, এবং বায়ু দূষণ একটি সাধারণ বিষয়। প্রযুক্তিগত অগ্রগতির ফলে শ্রমিকের চাহিদা উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে।
অনুষ্ঠানের শুরুতে পরিচিতি পর্ব ও স্বাগত বক্তব্য দেন বিলস এর রিসার্চ অফিসার রাবেয়া খানম। আলোচনা সভার মডারেটর হিসেবে দায়িত্ব পালন করেন জাতীয় শ্রমিক ফেডারেশন দিনাজপুর এর সভাপতি রবিউল আলম খোকা।
বক্তব্য দেন বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল দিনাজপুর এর ভারপ্রাপ্ত সভাপতি মো. মোস্তাকিম এবং ধন্যবাদ জ্ঞাপন করেন সাধারণ সম্পাদক মো. হামিদুর রহমান। এসময় উপস্থিত ছিলেন সাবেক কাউন্সিলর মতিউর রহমান বিপ্লব।
আলোচনা সভায় জাতীয় শ্রমিক জোট বাংলাদেশ, দিনাজপুর জেলা আহ্বায়ক শহিদুল ইসলাম শহিদুল্লাহ বলেন "শ্রমিককে নিয়োগ পত্র প্রদান করতে হবে এবং সবার আগে শ্রমিকের নিরাপত্তা নিশ্চিত করতে হবে"।
কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর প্রতিনিধি মো. শফিকুল ইসলাম তার বক্তব্যে বলেন "শ্রমিকরা যেন তাদের অধিকার নিয়ে আরো বেশি সচেতন হয় এবং যেকোনো অভিযোগে তাদের 'হট লাইন নাম্বার ১৬৩৫৭' এ যোগাযোগ করে।"
আরেকজন নারী বক্তা বলেন, "বর্তমানে চালকল গুলোতে নারী শ্রমিকদের কাজের জন্য নেওয়া হয় না এবং নারী শ্রমিকরা তাদের কাজের সুযোগ হারাচ্ছে"।
উন্মুক্ত আলোচনায় বক্তব্য রাখেন জাতীয় শ্রমিক ফেডারেশন তেতুলিয়া শাখার যুগ্ম সাধারন সম্পাদক মো. আলিমুল রাজি, পৌর শ্রমিক দলের সাধারন সম্পাদক মো. নুর আলম, মিল মালিক রফিকুল ইসলাম, সাংবাদিক রফিক প্লাবনসহ ট্রেড ইউনিয়ন নেতৃত্ব, এনজিও প্রতিনিধি।
বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় সবুজ শিল্প গড়ে তোলার পাশাপাশি শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করা জরুরি। মালিকদের শ্রমিক বান্ধব হতে হবে।
সেমিনার শেষে অংশগ্রহনকারীদের মাঝে শ্রমিকদের অধিকার নিয়ে একটি লিখিত "শ্রমিক ইশতেহার" প্রদান করা হয়।
মতামত