আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে দিনাজপুরের ১৩ টি উপজেলায় ১৩টি বেইস ক্যাম্পে বিজিবি সদস্য মোতায়েন করা হচ্ছে। এরই অংশ হিসেবে দিনাজপুর সদর উপজেলার কেবিএম কলেজিয়েট হাইস্কুলে বেইস ক্যাম্প স্থাপন করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে এক ব্রিফিংয়ে এসব কথা বলেন বিজিবির দিনাজপুর ৪২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মঈন।
তিনি বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও উৎসব মুখর করে তুলতে আইন শৃঙ্খলা রক্ষায় দিনাজপুরের ৬টি আসনে ৩৭ প্লাটুন বিজিবি সদস্য নিয়োজিত থাকবে। তারা আইনশৃঙ্খলা রক্ষা ও বেসামরিক প্রশাসনকে সহায়তা প্রদানের লক্ষ্যে মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালন করবে।
দিনাজপুরের বিভিন্ন সীমান্ত উপজেলায় দায়িত্ব পালনের পাশাপাশি জেলার ৬ টি আসনের ৮৪৪ টি ভোটকেন্দ্রে নিরাপত্তা প্রদানে দায়িত্ব পালন করবে।
প্রেস ব্রিফিংয়ে আরো জানানো হয়, নির্বাচনকে কেন্দ্র করে সীমান্ত এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। এই সময়ে যাতে কোনো ধরনের চোরাচালান, অবৈধ অনুপ্রবেশ, মাদক ও অস্ত্র পাচার কিংবা অন্য কোনো সীমান্ত-সংশ্লিষ্ট অপরাধ সংঘটিত হয়ে নির্বাচন প্রক্রিয়ায় বিরূপ প্রভাব ফেলতে না পারে, সে বিষয়ে বিজিবি অতিরিক্ত সতর্কতা ও তৎপরতার সাথে দায়িত্ব পালন করছে। সীমান্তে টহল, নজরদারি এবং গোয়েন্দা কার্যক্রম জোরদার করে সকল প্রকার অবৈধ কার্যক্রম প্রতিরোধ করা হচ্ছে। নির্বাচন উপলক্ষ্যে দিনাজপুর জেলার অন্তর্গত সীমান্তবর্তী এলাকার বিওপি সমূহে জনবল বৃদ্ধি করে বডি অর্ন ক্যামেরা, নাইট ভিশন গগলস্ ও বাইনোকুলার এর মাধ্যমে টহল তৎপরতা ও সীমান্ত নজরদারী বৃদ্ধি করা হয়েছে। দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় স্থায়ী ও অস্থায়ী মোট ১০টি চেকপোস্টের মাধ্যমে তল্লাশী কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। গত ০২ মাসে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) কর্তৃক আভিযানিক সফলতার অংশ হিসেবে ১৭,৫৭,৩৩১/- (সতের লক্ষ সাতান্ন হাজার তিনশত একত্রিশ) টাকা মূল্যের চোরাচালানী মালামাল ও মাদকদ্রব্য এবং ৫৬ জন আসামী আটক করা হয়।
তাছাড়া পুশ ইন প্রতিরোধে বিজিবি সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারী বৃদ্ধি, টহল তৎপরতার জোরদার এবং কোম্পানী-বিওপি কমান্ডার কর্তৃক নিয়মিতভাবে জনসচেতনতামূলক সভা আয়োজনের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
সারাদেশের ৩০০টি আসনেই ঝুঁকি বিবেচনায় বিজিবি মোবাইল ও স্ট্যাটিক ফোর্স হিসেবে দায়িত্ব পালন করবে। উপজেলা ভেদে ২ থেকে ৪ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন থাকবে। মোতায়েন থাকবে বিজিবির বিশেষায়িত K-9 ডগ স্কোয়াড। এছাড়া নির্বাচনকালীন যেকোনো জরুরী পরিস্থিতি মোকাবিলায় বিজিবির র্যাপিড অ্যাকশন টিম (RAT) এবং বিজিবির হেলিকপ্টারসহ কুইক রেস্পন্স ফোর্স (QRF) সর্বদা প্রস্তুত থাকবে এবং অধিক ঝুঁকিপূর্ণ কেন্দ্র পর্যবেক্ষণে বিজিবি ড্রোনও ব্যবহার করা হবে।
মতামত