দিনাজপুরের চিরিরবন্দরে ট্রাক্টর ও অটোচার্জারের মুখোমুখি সংঘর্ষে এক এসএসসি পরীক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন।
সোমবার (১২ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার ইসবপুর ইউনিয়নের দক্ষিণ নগর ক্লাব মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, চিরিরবন্দর থেকে ইটবোঝাই একটি ট্রাক্টর বিন্নাকুড়ি বাজারের দিকে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে কয়েকজন বন্ধু দুপুরের খাবার শেষে অটোচার্জারযোগে চিরিরবন্দরে ফেরার পথে ঘটনাস্থলে পৌঁছালে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে অটোচার্জারটি দুমড়ে-মুচড়ে যায়।
এতে অটোচার্জারের যাত্রী খালিদ মোহাম্মদ (১৬) নামে এক এসএসসি পরীক্ষার্থী গুরুতর আহত হন। তার সঙ্গে থাকা অন্য বন্ধুরাও আহত হন। স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে চিরিরবন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে তাদের দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।
আহতদের পরিবার সূত্রে জানা যায়, গুরুতর আহত খালিদ মোহাম্মদকে দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশনে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে চিরিরবন্দর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মো. আহসান হাবিব জানান, দুর্ঘটনার পর ট্রাক্টরচালক পালিয়ে গেছে। ট্রাক্টরটি জব্দ করে থানায় নেওয়া হয়েছে। নিহত ও আহতদের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে এবং এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
মতামত