৯ জানুয়ারি অনুষ্ঠিত প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় বিভিন্ন ধরনের দুর্নীতি ও অনিয়ম পরিলক্ষিত হওয়ায় ওই নিয়োগ প্রক্রিয়া প্রশ্নবিদ্ধ হয়ে পড়েছে এমন অভিযোগ তুলে পরীক্ষা বাতিলের দাবিতে দিনাজপুরে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।
১০ জানুয়ারি বিকেল ৪ ঘটিকায় দিনাজপুর প্রেসক্লাবের সামনে জাতীয় ছাত্রশক্তি, দিনাজপুর জেলা আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে অংশগ্রহণকারীরা অভিযোগ করেন, নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, কেন্দ্র ব্যবস্থাপনায় গাফিলতি এবং অনৈতিক প্রভাব খাটানোর মতো নানা অনিয়ম ঘটেছে, যা মেধাবীদের জন্য মারাত্মক অবিচার।
বক্তারা বলেন, স্বচ্ছ ও নিরপেক্ষ নিয়োগ নিশ্চিত করতে হলে এই পরীক্ষার ফলাফল বাতিল করে পুনরায় সুষ্ঠু পরিবেশে পরীক্ষা গ্রহণ করা জরুরি। অন্যথায় প্রাথমিক শিক্ষার মান চরমভাবে ক্ষতিগ্রস্ত হবে বলেও তারা আশঙ্কা প্রকাশ করেন।
এ সময় মানববন্ধনে উপস্থিত ছিলেন আহবায়ক জাতীয় ছাত্রশক্তি হজরত আলী অনিক, যুগ্ন আহবায়ক জাতীয় ছাত্রশক্তি দিনাজপুর, রেজাউল ইসলাম, সাবেক আহবায়ক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দিনাজপুর, একরামুল হক আবির,যুগ্ন আহবায়ক জাতীয় ছাত্রশক্তি দিনাজপুর,তানজিম আহমেদ রিদয় প্রমুখ।
মানববন্ধন শেষে আন্দোলনকারীরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
মতামত