আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দিনাজপুর-৬ (বিরামপুর, নবাবগঞ্জ, ঘোড়াঘাট ও হাকিমপুর) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন অ্যাডভোকেট শাওনেয়াজ ফিরোজ শুভ।
বুধবার (১৭ ডিসেম্বর) দুপুরে তিনি দিনাজপুর জেলা প্রশাসকের কার্যালয়ে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নূর ই সিদ্দিকীর নিকট থেকে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র গ্রহণ করেন।
অ্যাডভোকেট শাওনেয়াজ ফিরোজ শুভ উত্তরবঙ্গ কৃষক মঞ্চের আহ্বায়ক। দীর্ঘদিন ধরে তিনি কৃষক ও শ্রমজীবী মানুষের অধিকার, ন্যায্যতা, সাধারণ মানুষের ন্যায়বিচার, আদিবাসী জনগোষ্ঠী এবং কৃষক-দিনমজুরদের জীবনমান উন্নয়নে কাজ করে আসছেন। বিভিন্ন সময়ে তিনি এসব জনগোষ্ঠীর দাবি-দাওয়া নিয়ে মাঠপর্যায়ে আন্দোলন ও সামাজিক কার্যক্রমে সক্রিয় ভূমিকা পালন করেছেন।
মনোনয়নপত্র সংগ্রহের পর প্রতিক্রিয়ায় তিনি বলেন, আলহামদুলিল্লাহ, মহান আল্লাহর ওপর ভরসা রেখে আমি নির্বাচনে অংশগ্রহণের সিদ্ধান্ত নিয়েছি। দিনাজপুর-৬ আসনের মানুষের অধিকার রক্ষা, কৃষকের ন্যায্য মূল্য নিশ্চিত করা এবং একটি ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠাই আমার লক্ষ্য।
এ সময় তিনি বিরামপুর, নবাবগঞ্জ, ঘোড়াঘাট ও হাকিমপুর উপজেলার সর্বস্তরের জনগণের দোয়া ও সমর্থন কামনা করেন। তাঁর মনোনয়নপত্র সংগ্রহকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা শুরু হয়েছে বলে জানা গেছে।
মতামত