দিনাজপুর

বিজিবি রংপুর রিজিয়নে এক মাসে ৪৮ জন আসামীসহ প্রায় ৪ কোটি টাকার চোরাচালানী মালামাল আটক

প্রিন্ট
বিজিবি রংপুর রিজিয়নে এক মাসে ৪৮ জন আসামীসহ প্রায় ৪ কোটি টাকার চোরাচালানী মালামাল আটক

প্রকাশিত : ৯ ডিসেম্বর ২০২৫, রাত ১১:৩৯



বিজিবি রংপুর রিজিয়ন এক মাসে অভিযান পরিচালনা করে ৩টি বিদেশী শ্যুাটারগান ও ২.৩ কেজি গান পাউডার, ৪৮ জন আসামীসহ প্রায় ৪ কোটি টাকার মূল্যের বিভিন্ন প্রকার মাদক ও চোরাচালানী মালামাল আটক করেছে।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) দুপুরে দিনাজপুর দিনাজপুর সেক্টরের সদর দপ্তরের অডিটরিয়াম হলে ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি)’র ব্যবস্থাপনায় প্রেস ব্রিফিংয়ে দিনাজপুর সেক্টর কমান্ডার ক‌র্ণেল মোহাম্মদ ফয়সল হাসান খান এসব তথ্য জানান।

এসময় ফুলবাড়ী-২৯ ব্যটলিয়নের অ‌ধিনায়ক লে. ক‌র্ণেল এএম জা‌বের বিন জব্বার, মেজর তানিম হাসান খান প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে জানানো হয়, রংপুর রিজিয়নের দায়িত্বপ্রাপ্ত এক হাজার ৬৬৮ কিলোমিটার এলাকায় ৪টি সেক্টর ও ১৫টি ব্যাটালিয়ন রয়েছে। এই এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়।

প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, এই এক মাসে ৯৬৬ বোতল ফেন্সিডিল, এক হাজার বোতল বিদেশী মদ, ৩ হাজার ৪৬৯ পিস ইয়াবা, ২২৮ কেজি গাঁজা, ২ হাজার ৫১ বোতল নেশাজাতীয় সিরাপ, ৫ হাজার ৭৪৩ পিস নেশাজাতীয় ইনজেকশন ও ২৬ হাজার ৫৫৭ পিস নেশার ট্যাবলেট উদ্ধার করা হয়।

মানব পাচার প্রতিরোধে নিয়মিত টহল ও বিশেষ অভিযানে একজন ভারতীয় নাগরিকসহ ৫ জন পুরুষ, ৩ জন নারী ও ২ জন শিশুকে উদ্ধার করা হয়েছে।
এছাড়াও ১০ হাজার ২৬০ পিস ভারতীয় প্রসাধনী সামগ্রী, ৬ হাজার ৮৭৭ পিস ভারতীয় ওষুধ, ভারতীয় শাড়ী, কম্বলসহ বিভিন্ন কাপড়, জিরা, ধান, চিনি, পেয়াজ, আপেলসহ মশলা উদ্ধার করা হয়। এছাড়াও ৩টি ইজিবাইক, ৬টি ইঞ্জিন চালিত নৌকা, ২৫টি মোটরসাইকেল, ১৫টি বাইসাইকেল ও ৬৬টি মোবাইল উদ্ধার করা হয়। ১১৫টি গরু, ১৩টি মহিষ ও ২টি ছাগল আটক করা হয়েছে।

এই একটি মাসে বিজিবি ও বিএসএফ’র বিভিন্ন পর্যায়ে ৪১৩টি পতাকা বৈঠক/সৌজন্য স্বাক্ষাত অনুষ্ঠিত হয়েছে। সীমান্ত এলাকায় ৬টি বিওপি স্থাপন করা হয়েছে।
জনকল্যামূলক কাজের মধ্যে ৩০০টি কম্বল, ৩০০টি শীতবস্ত্র বিতরণ ও ৫০০ জন নারী-পুরুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধপত্র সামগ্রী প্রদান করেছে।
সীমান্ত দূর্ঘটনা এড়ানো, চোরাচালান রোধ, সম্পৃক্ত না হওয়া, সীমান্ত অতিক্রম না করা, অবৈধ অনুপ্রবেশ রোধ, মানব পাচার ও বিভিন্ন ধরনের সীমান্তবর্তী সমস্যা দুরীকরনের লক্ষ্যে এক মাসেই বিভিন্ন এলাকায় ২ হাজার ৫৮৬টি জনসচেতনতামূলক সভার আয়োজনও করে বিজিবি রংপুর রিজিয়ন।