দিনাজপুর

দিনাজপুরে সড়ক বিভাগের উচ্ছেদ অভিযান

প্রিন্ট
দিনাজপুরে সড়ক বিভাগের উচ্ছেদ অভিযান

প্রকাশিত : ২ নভেম্বর ২০২৫, রাত ১০:৩৭



দিনাজপুর সড়ক বিভাগ ১২ কিলোমিটার রাস্তার পাশে গড়ে ওঠা দোকানসহ বিভিন্ন স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু করেছে। 

রোববার (২ নভেম্বর) দুপুর ১২ টা থেকে দিনাজপুরের পুলহাট এলাকা থেকে এই উচ্ছেদ অভিযান শুরু করে সড়ক বিভাগ। যা চলে বিকেল ৫টা পর্যন্ত। পুলহাট থেকে খানপুর পর্যন্ত এই উচ্ছেদ অভিযান করা হবে। 

এই ১২ কিলোমিটার মহাসড়কের ৮৫ ফিট জায়গা উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করা হবে। 

সড়ক বিভাগ জানিয়েছে, ১৯৪২ সালে এই মহাসড়কের জায়গা অধিগ্রহণ করে সরকার। এরপর থেকে মহাসড়কের পাশে বিভিন্ন স্থাপনা গড়ে তোলে লোকজন। এর আগেও সড়ক বিভাগের এসব স্থাপনা সরিয়ে নিতে সড়ক বিভাগ থেকে বলা হয়েছিল। 

তবে স্থানীয়রা জানিয়েছে, এসব জায়গা সড়ক বিভাগের নামে রেকর্ড ভুক্ত করা নেই। ফলে এসব জমি অনেকেই ক্রয় ও বিক্রয় করেছেন।

এদিকে এই উচ্ছেদ নোটিশ না পাওয়ায় নিন্দা জানিয়েছেন বিসিকের আওতাধীন শিল্প কারখানা মালিকরা। এতো দিন ধরে ব্যবসায়ীরা বিসিককে নিয়মিত খাজনা দিতেন। 

এদিকে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন বিসিকের জেলা কার্যালয়টির প্রধান ফটক ভেঙে দেওয়া হয়েছে। 

কথা হলে দিনাজপুর চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পরিচালক ও পাটোয়ারী বিজনেস হাউজের স্বত্বধিকারী শহিদুর রহমান পাটোয়ারী মোহন বলেন, রাস্তার পাশে বিভিন্ন স্থাপনার সাথে বিসিকের আওতাধীন কয়েকটি কলকারখানার অংশ ভেঙে দেওয়া হয়েছে। এসব কলকারখানা গুলো বিসিকের কাছ থেকে নেয়া এবং সেগুলোতে আমরা নিয়মিত খাজনা পরিশোধ করছি। বিসিকের কাছ থেকে নেয়া যদি জমি যদি অবৈধ হয় তাহলে তার দায়িত্ব বিসিকের কিন্তু ক্ষতিগ্রস্ত হলাম আমরা। 

বিসিক দিনাজপুর জেলা কার্যালয়ের উপ-মাব্যবস্থাপক জাহিদুল ইসলাম বলেন, যে কলকারখানাগুলো রয়েছে সেগুলোর জমি জেলা প্রশাসকের মাধ্যমে ১৯৬০-৬১ সালে অধিগ্রহণ করা। এসব জমি সড়ক ও জনপদ বিভাগের সেটি আমরা জানতে পেরে আমরা বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। একই জমি দুইবার কিভাবে অধিগ্রহণ করা হয় সেটিও বোধগম্য না।